নির্বাচনে নেই, আন্দোলনেও দুর্বল-কী পেল বিএনপি
এবেলা ডেস্ক
সরকার পতনের এক দফা কর্মসূচিতে আছে বিএনপি। কিন্তু তাদের কর্মসূচি খুব একটা চাপে ফেলতে পারেনি সরকারকে। বাংলাদেশে বিরোধী দল বিএনপি যখন সরকার পতনের আন্দোলনে নানা কর্মসূচি পালন করছে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে। বিএনপিসহ বিরোধী কয়েকটি দলের আন্দোলন কিংবা নির্বাচন বর্জন কোন কিছুই দৃশ্যত চাপে ফেলতে পারেনি সরকারকে। উল্টো মামলা, গ্রেপ্তারসহ নানামুখী চাপে বিপর্যস্ত বিএনপি।
কিন্তু একদিকে সরকার পতনের আন্দোলনে ব্যর্থতা অন্যদিকে নির্বাচনেও অংশ না নেয় -বিএনপি তাহলে তাদের রাজনীতির কৌশল থেকে থেকে কী পেলো? বিশেষ করে টানা তিন মেয়াদে ক্ষমতার বাইরে থাকার পর দলটি আরো অন্তত পাঁচ বছর একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বলেই অনেকে মনে করছেন। একইসঙ্গে দলের কর্মকৌশলের সঙ্গে একমত না হয়ে নির্বাচনে অংশও নিচ্ছেন দলটির বেশ কয়েকজন নেতা। কিন্তু এমন অবস্থা নিয়ে দলের তৃণমূল এবং কেন্দ্রীয় নেতাদের মূল্যায়ন কী?

