নিজাম হাজারী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন
নিজ সংসদীয় এলাকায় একটি সড়কের জরাজীর্ণ অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ফেনী-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী পথসভায় রাস্তার বেহাল দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
ফেনী-২ আসনের নৌকার প্রার্থী বলেন, ‘নেয়ামতপুর থেকে আসার পথে যে রাস্তা দিয়ে এসেছি আমি এই এলাকার সংসদ সদস্য, এটা ভাবতেও আমার কাছে লজ্জা লাগছে। রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, যে ক্ষতবিক্ষত অবস্থা রাস্তার দেখেছি সত্যিই আমি লজ্জিত হয়েছি। কারণ এই রাস্তার দায়িত্ব আমাদের জনপ্রতিনিধিদের। আমি তো সবসময় সব জায়গায় গিয়ে এসব রাস্তাঘাট দেখতে পারি না। আজ আপনাদের কাছে ভোট চাইতে আমার লজ্জা অনুভব হচ্ছে। সুতরাং আমি এইটুকু বলতে পারি, আজকের পর থেকে এই লেমুয়ার সকল দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে নিলাম। যেখানে যেই পরিমাণ উন্নয়ন করা প্রয়োজন, সেই দায়িত্ব আমি কাউকে দেব না। সে দায়িত্ব আমি নিজাম হাজারী নিলাম। আজ থেকে মনে রাখবেন এই নিজাম হাজারী হচ্ছে আপনাদের লেমুয়ার চেয়ারম্যান। আমাকে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাববেন।
নিজাম হাজারী আরও বলেন, আমি লজ্জিত হয়েছি আজকে যে রাস্তা দিয়ে আমি এসেছি আর অন্যান্য রাস্তার যে কী অবস্থা তা আমি জানি না। এতো জরাজীর্ণ রাস্তা, আমি একজন সংসদ সদস্য হিসেবে এতে লজ্জিত হয়েছি।

