জাতীয়শিক্ষাসর্বশেষসারাদেশ

নাট্যাচার্যের ভাই ও সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনের চিরবিদায়

সোনাগাজী প্রতিনিধি

নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ছোটভাই, বীর মুক্তিযোদ্ধা ও সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ (৭৬) গত রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর চারটায় ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেদিন বাদ আছর মরহুমের বাড়ির সামনে ‘সেলিম আল দীন মা ফিরোজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোনাগাজী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের উপস্থিতিতে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বোরহান উদ্দিন আহমেদ মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান, আত্মীয় স্বজন ও অনেক শুভাকাংক্ষী রেখে গেছেন। তিনি পিতামাতার ছয় সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। কর্মজীবনে বোরহান উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের ডিজিএম-এর দায়িত্ব পালন শেষে অবসরে যান। তাঁর বড় সন্তান শাকিলা তাসনিম কাজরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতির দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় সন্তান সালাহ উদ্দিন শুভ্র সাংবাদিক ও কথাসাহিত্যিক। তৃতীয় সন্তান সিফাত উদ্দিন রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন। তাঁর মৃত্যুতে সেলিম আল দীন কেন্দ্র ও ফেনী সাহিত্য সভার পক্ষ থেকে গভীর শোক জানানো হয়। পাশাপাশি মরহুমের শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠন দুটি।


সেলিম আল দীন কেন্দ্রের শোক:

২০১০ সালে প্রতিষ্ঠিত সেলিম আল দীন কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন (আমৃত্যু) সভাপতি বোরহান উদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে কেন্দ্রের সহসভাপতি শাবিহ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদরাত-ই-খুদা পিকাসো। শোকবার্তায় তারা বলেন, তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যুর পর সেলিম আল দীন চর্চায় বিশেষ ভূমিকা রেখেছেন।


ফেনী সাহিত্য সভার শোক:

নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদের মৃত্যুতে ফেনী সাহিত্য সভার আহবায়ক শাবিহ মাহমুদ ও সদস্য সচিব বকুল আকতার দরিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, সদা হাস্য বোরহান উদ্দিন আহমেদ একজন সজ্জন মানুষ হিসাবে সকল মহলে সমাদৃত ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের এক বীর যোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে জাতি এক বীর সন্তান, সংগঠক ও গুণীজনকে হারাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *