দাগনভূঁইয়ায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষন
সদর প্রতিনিধি
ফেনীর দাগনভুইয়া উপজেলার মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক মেয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার আনুমানিক ২টার দিকে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় একই এলাকার আলী আহম্মদের ছেলে মো. আরিফ (২৯)। পরে বাড়িতে থাকা নির্জন একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রথমে থানায় গিয়ে মামলা দেওয়ার পরামর্শ দেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আরিফকে একমাত্র আসামি করে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার ২৪ ঘন্টা পার হলেও পুলিশ এখনো পর্যন্ত আসামি আরিফকে গ্রেফতার করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, এ ঘটনায় দাগনভূঁঞা থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামি আরিফকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
