Uncategorized

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোটা আন্দোলন কারী দের দখলে

বিশেষ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার থেকে শুরু হয়েছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রভাবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কুমিল্লার প্রাণকেন্দ্র পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছোট ছোট কিছু যান চলাচল করতে দেখা গেলেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ ছিল ফাঁকা।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রভাবে মহাসড়কে সাধারণ যাত্রীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন স্থানে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এছাড়াও যে কোন প্রকার নাশকতা প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা।

কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী বলেন, সকাল থেকেই দূরপাল্লার সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রী, হেলপার ও চালকদের নিরাপত্তার কথা চিন্তা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এতে অনেক পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।

আব্দুল্লাহ নামে এক পরিবহন শ্রমিক বলেন, অসহযোগ আন্দোলনের কারণে কুমিল্লা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে পরিবহন শ্রমিকরা অলস সময় পার করছে। 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) খাদেমুল বাহার বলেন, মহাসড়কের যান চলাচল কম। কুমিল্লা সদর দক্ষিণের কোথাও কোন বিশৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। কাউকেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *