বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্তের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানব বন্ধন।
বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট গনমাধ্যম ব্যক্তিত্ব, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে অবিলম্বে মুক্তি ও দায়েরকৃত মালা প্রত্যাহারের দাবিতে বন্দরনগরী চট্টগ্রামে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চেড়াগি পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর আন্দরকিল্লা হয়ে আবার চেড়াগি পাহাড় মোড়ে এসে শেষ হয়।
চেড়াগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধ, মুক্তচিন্তা লালনকারি প্রতিবাদী সাংবাদিক শ্যামল দত্তকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
একই সময়ে চেড়াগি পাহাড় মোড়ে বিশিষ্ট মানবাধিকার সংগঠক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতেও মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবারের এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক শ্যামল দত্ত ও মানবাধিকার নেতা রানা দাশগুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্নই হয়রানিমূলক। কিন্তু তার বিরুদ্ধে মামলা দিয়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য আন্দোলন ও অধিকার আদায়ের আন্দোলন থেকে কাউকে বিরত রাখা যাবেনা।
অপরদিকে মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বাস্তবায়ন ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাকে গ্রেপ্তার করে মুক্তচিন্তার আন্দোলনকে কখনোই দমানো যাবেনা। বক্তারা অবিলম্বে শ্যামল দত্তের মুক্তি ও তাকেসহ সারাদেশে যেসব গনমাধ্যম কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গনহারে মামলা দেয়া তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সমাবেশে এসময় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা প্রকৌশলী পরিমল চৌধুরী, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট রুবেল পাল, যুবনেতা রাহুল দত্তসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহণ করেন সনাতন সংগঠনের নেতা অশোক চক্রবর্তী, সাংবাদিক সমরেশ বৈদ্য, প্রীতম দাশ, পূজা উদযাপন পরিষদের নেতা রাজীব নন্দী, সুদীপ মজুমদার, সমাজ সংগঠক আবুল কালাম, প্রকৌশলী সৌমেন দাশ, পূজা উদযাপন পরিষদ নেতা কাজল শীল, হিন্দু সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ দে, সমাজকর্মী সুকান্ত বিশ্বাসসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

