১৩ বছর পর ফেনীতে খালেদা জিয়ার বাড়িতে গেলেন মির্জা ফখরুল’কে রাজনীতি করবেন, আর তা ঠিক করবেন বাংলার জনগণ’
এতেশামুল হক বিপ্লব, মো: শাহআলম ও গাজী মাসুদ রানা
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ১৩ বছর পর ফেনীর ফুলগাজীতে শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেছেন।
আজ বুধবার দুপুরে ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কে রাজনীতি করবেন, আর কে করবেন না, তা ঠিক করবেন বাংলার জনগণ। আওয়ামীলীগকে পুণ: প্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারিনা। তা নির্ধারণ করবে এ দেশের জনগন।
তিনি বলেন, ফেনীর মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারো কাছে মাথানত করেননি। তিনি এখনও মাথা উঁচু করে দাড়িযে আছেন। তিনি আওয়ামী লীগ সরকারের দেয়া মিথ্যা মামলায় ছয়বছর জেল খেটেছেন। তাকে একটি স্যাঁত স্যাঁতে ঘরে রাখেন, যেখানে ইঁদুর চলাচল করতো। তাঁকে দেয়া পুরোনো খাবার খাইয়ে অসুস্থ হয়ে পড়েন।
এসময় তিনি আরো বলেছেন, ১৫ বছরের পুরোনো জঞ্জাল সাফ করা এতো সহজ নয়। তাই জনগনের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তা দ্রুত বাস্তবায়ন করলে ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

