হত্যা মামলায় আ’লীগ নেতাকে গ্রেফতার না দেখানোর অভিযোগ আদালতের বিরুদ্ধে ।
বিশেষ প্রতিনিধি
ফেনীর মহিপালে ছাত্র হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও বর্তমানে জেলা আলীগের আইন সম্পাদক শাহজাহান সাজু এবং ফেনী পৌরসভার ওয়ার্ড কমিশনার আলীগ নেতা খালেদ খান ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান কে গ্রেফতার দেখালেন না আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ঠা আগস্ট ২০২৪ তারিখে ফেনীর মহিপালে কয়েক হাজার ছাত্রজনতা অবস্থান কর্মসূচি পালন করে। মহিপালে নিরস্ত্র ছাত্রদের সেই অবস্থান কর্মসূচীতে আলীগের নেতাকর্মীদের অতর্কিত গুলিবর্ষণে ৮ জন নিরস্ত্র ছাত্র-জনতা নিহত হয় এবং শতাধিক গুলিবিদ্ধ ও আহত হয়। উক্ত ঘটনায় আলীগ নেতাকর্মীদের আসামী করে ফেনী মডেল থানায় ০৮ টি হত্যা মামলা সহ এ পর্যন্ত ২১ টি মামলা রুজু হয়। মহিপালে মহিপালে আলীগের গুলিতে নিহত কলেজ ছাত্র সরোয়ার জাহান মাসুদ এর মা বাদী হয়ে হত্যার ঘটনায় সম্পৃক্ত আলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় জি আর মামলা নং- ৩৬৭/২০২৪ দায়ের করেন। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আবদুর রহিম হৃদয় নামের একজন আসামী হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দিয়ে ম্যাজিস্ট্রেট এর কাছে ১৬৪ ধারার জবানবন্দী দেন। সেই জবানবন্দীতে তিনি ঘটনার সাথে জড়িত মর্মে ফেনী পৌরসভার — ওয়ার্ড কমিশনার খালেদ খান সহ ৩০ এর অধিক আসামীর নাম বলেন। খালেদ খান ইতোমধ্যে এয়ারপোর্ট থেকে আরেকটি হত্যা মামলায় গ্রেফতার হলে তদন্ত কর্মকর্তা ১৬৪ ধারার জবানবন্দিতে নাম থাকায় সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। তাছাড়া মাসুদ হত্যা মামলায় জেলা আলীগ নেতা শাহজাহান সাজু ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করলে গত ১৩/১২/২০২৫ ইং ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনার আদালতে শুনানি হয়। তদন্ত কর্মকর্তা আসামী খালেদ খানের নাম ১৬৪ উল্লেখ আছে এবং শাহজাহান সাজু উস্কানিমূলক বক্তব্যের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে আদালতকে জানালেও আদালত আলীগ নেতা খালেদ খান, শাহজাহান সাজু ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান কে গ্রেফতার দেখানোর আবেদন না-মঞ্জুর করেন। ছাত্র হত্যার ঘটনায় জড়িত থাকা আলীগ নেতাদের আদালত গ্রেফতার না দেখানোয় ছাত্র আন্দোলনে জড়িত থাকা ব্যক্তিরা বিস্ময় প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।

