সোনাগাজীতে প্রশাসনের বিরুদ্ধে যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূইয়ার ক্ষোভ
বিশেষ প্রতিনিধি
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক প্রভাবিত কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলেছেন।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘বৈষম্যবিরোধী ছাত্রদের’ তদবির নিয়ে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রতি অবহেলা প্রদর্শন করছে।
খুরশিদ আলম ভূঁইয়া লিখেন, “সোনাগাজী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কিছু ধান্দাবাজের নির্দেশনায় কাজ করে। উপজেলা প্রশাসন ভবনের ভিতরে বসে যদি কেউ এসব সুবিধাভোগী গোষ্ঠীর ইশারায় কাজ করেন, তাহলে সোনাগাজীর জনগণ তা কখনোই মেনে নেবে না।”
তিনি দাবি করেন, বিগত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছেন এবং ধৈর্যসহকারে টিকে আছেন। এসময় তিনি উল্লেখ করেন, “একটি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে সোনাগাজী মডেল থানা, উপজেলা ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রক্ষায় যুবদলসহ বিএনপি নেতাকর্মীদের ভূমিকা ছিল সাহসী ও দৃঢ়।”
ফেসবুকে দেওয়া এ স্ট্যাটাসটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রয়াস অব্যাহত রয়েছে।

