মুসাপুর ক্লোজার নির্ন্মান ও ফেনী নদী ভাঙ্গন রোধে ম্যারাথন-মানববন্ধন
মহিউদ্দিন সেজু / আনোয়ার হোসেন
ছোট ফেনী নদীর ভাঙ্গন রোধ ও মুসাপুর ক্লোজার নিন্মানের দাবীতে ম্যারাথন-মানববন্ধন করেছে জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার স্থানীয় এলাকাবাসী। শনিবার ভোর ৬টার দিকে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হওয়া ম্যারাথনে এলাকার বিভিন্ন বয়সী অর্ধশত ব্যক্তি অংশ নেন। ‘নদী ভাঙন রোধে হাঁটি একসাথে’ শ্লোগান নিয়ে এ মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব।
ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, ভুক্তভোগী আবুল কাশেম, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজিব। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সমকাল প্রতিনিধি ইমাম হাসান কচি, সংগ্রাম প্রতিনিধি এম তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সাধারন সম্পাদক এমএম রহমান সোহেল। জাহাঙ্গীর হোসেন বলেন, মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড় ভেঙ্গে জলপথ, স্কুল-কলেজ, বসতভিটা সবকিছু আস্তে আস্তে বিলীন হচ্ছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি, স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। নদী শাসন সহ করা হলেও সমস্যা সমাধানের হন্য স্লুইসগেট নির্মান জরুরী। সরকারের উর্ধ্বতন মহলের কাছে দ্রুত স্লুইসগেট নির্মানে ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ক্লাবের সদস্য সচিব আব্বাস উদ্দিন আনাস বলেন, নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে আমিও একজন। চব্বিশের বন্যায় যতটুকু ক্ষতিগ্রস্ত হইনি মুসাপুর ক্লোজারের কারনে বেশি ক্ষতির শিকার হচ্ছি। বন্যার পরে পূর্নবাসন করা হলেও এখন বিষয়টি কেউ নজর দিচ্ছেনা। মানুষ জন্মভূমি হারাচ্ছে, শৈশবের বেড়ে উঠার স্মৃতি হারিয়ে ফেলছে। অতিদ্রুত পদক্ষেপ গ্রহনের দাবি জানান তিনি।
এম এ তাহের বলেন, নদী ভাঙনে দাগনভূঞার মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। জগতপুর, মমারিজপুরসহ প্রত্যন্ত অঞ্চলগুলো গ্রাস করে যাচ্ছে। প্রতিকার পেতে অনতিবিলম্বে সরকারি উদ্যোগ নিতে হবে।
বাড়িঘর রক্ষা করুন, জীবন রক্ষা করুন। মমারিজপুর রাস্তা বিলীন হয়েছে। চোখের মুহুর্তে সব বিলীন হচ্ছে। তালতলী বাজার, মিয়াজীর ঘাট, ফাজিলের ঘাট স্কুল বিলিনের পথে।মুছাপুর ক্লোজার তিন জেলার মরন ফাঁদে পরিনত হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত নির্মান করুন।

