গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন জরুরি: জসিম উদ্দিন ভাট

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী বাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট।
জসিম উদ্দিন ভাট বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে। গাজীপুরসহ সারাদেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। জনগণের রায়কে সম্মান জানিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”
সভায় প্রধান আলোচক ছিলেন কাজী খাইরুল বাশার হ্যাপি। এছাড়া বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম, আবু ইউসুফ সুমন, আবু সাঈদ, কামাল হোসেন, সালাউদ্দিন ফরাজী, খান শফিকুল ইসলাম রানা, শাহ আলম হাবিব, হারুন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতীয় পুনর্গঠনের একটি রূপরেখা। এটি বাস্তবায়িত হলে দেশের প্রশাসন, অর্থনীতি, শিক্ষা ও বিচার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আলোচনা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
