পাক-আফগান সংঘাতে সৌদি ও কাতারের উদ্বেগ, সংযম ও সংলাপের আহ্বান
এবেলা ডেক্স
পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ও কাতার। দুই মুসলিম প্রতিবেশী রাষ্ট্রকে সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনে সংলাপের পথে ফেরার আহ্বান জানিয়েছে দেশ দুট
শনিবার রাতে আফগান নিরাপত্তা বাহিনী পাকিস্তানি সীমান্তচৌকিতে হামলা চালায়। কাবুল জানিয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে বারবার আকাশসীমা ও ভূখণ্ড লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়।
এর আগে সপ্তাহের শুরুতে আফগান কর্তৃপক্ষ অভিযোগ করে যে, পাকিস্তানের বিমান হামলায় কাবুল ও পূর্বাঞ্চলের একটি বাজারে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসলামাবাদ এ অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি।
দুই দেশের প্রধান বাণিজ্য রুট তোরখাম সীমান্ত রবিবার সকাল ৮টায়ও স্বাভাবিক সময়ের মতো খোলা হয়নি। পর্যবেক্ষকদের মতে, এই অবস্থা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা অবিশ্বাসের নতুন প্রকাশ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়,
“সৌদি আরব ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় চলমান সংঘাত ও উত্তেজনা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।”
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অনুরূপ সুরে জানিয়েছে, এই সংঘাত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে। দোহা উভয় পক্ষকেই কূটনৈতিক পথ ও সংলাপের মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছে।
পাকিস্তান অভিযোগ করেছে, আফগান কর্তৃপক্ষ নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। তবে কাবুল এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।
পাকিস্তানি কর্মকর্তাদের মতে, টিটিপি স্বাধীন সংগঠন হলেও তাদের সঙ্গে আফগান তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০০০-এর দশকের শেষ দিক থেকে পাকিস্তানে সংঘটিত বহু ভয়াবহ হামলার দায় তাদের ওপরই বর্তেছে।
শনিবার টিটিপি দাবি করেছে, তারা উত্তর-পশ্চিম পাকিস্তানের একাধিক জেলায় প্রাণঘাতী হামলা চালিয়েছে, যেখানে অন্তত ২০ নিরাপত্তা কর্মকর্তা ও তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেন,
“আফগান বাহিনীর বেসামরিক জনগণের ওপর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।”
এই বিবৃতি পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হয়।

