ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে ফেনীতে মতবিনিময় সভা
আনোয়ার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ফেনীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার জনাব মনিরা হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রোবায়েত বিন করিম, ফেনী পৌর প্রশাসক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল আহমদ, সহকারী জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, এনজিও কর্মী, শিক্ষক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, নির্বাচনী আচরণবিধি এবং গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
“দেশের ছবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন,
“২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক দিকনির্দেশনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদানের সুযোগ পাচ্ছে।”
তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত মোট চারটি প্রশ্নের একটি প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। যদি ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়, তবে দেশে একটি ক্ষমতার ভারসাম্যপূর্ণ, স্বচ্ছ ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে বিরোধী দলের ভূমিকা হবে আরও অর্থবহ।
জেলা প্রশাসক জানান, গণভোট ও নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করতে ইতোমধ্যে সারাদেশে ভোটের গাড়ি ৬৪ জেলায় প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি ভিডিও প্রচার, টেলিভিশন বিজ্ঞাপন, লিফলেট বিতরণসহ ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা, ইউনিয়ন, থানা ও ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে গণভোট অবহিতকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।

