সোনাগাজীতে মৎস্য খামারে বিষ, ৫লাখ টাকার মাছ নিধন
আনোয়ার হোমেন
ফেনীর সোনাগাজীতে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া-রহমত নগর হাজী আকবর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তিন বাড়িয়ার শহীদুল ইসলামের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত বসতবাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে একটি মৎস্য খামার গড়ে তোলেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দিলে খামারের অধিকাংশ মাছ মারা যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা।
রিফাতুল ইসলাম অভিযোগ করেন, গত ৭ এপ্রিল সকালে চাঁদা না পেয়ে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার জেঠাতো ভাই রাকিব হোসেন (২২)-কে অপহরণ করে নিয়ে গিয়ে নির্যাতন চালায় এবং হত্যার চেষ্টা করে। এ ঘটনায় তার জেঠাতো বোন নুরের নাহার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান অভিযুক্ত নুর আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। বর্তমানে রাকিব হোসেন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তার ধারণা, পূর্বের ওই বিরোধের জের ধরেই এই মাছ নিধনের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনি অজ্ঞাতদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

