দেশের অর্থনীতি ভালো চলছে, দাবি অর্থমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
অনিশ্চয়তার মধ্যেও দেশের অর্থনীতি অনেক ভালো চলছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। এর মধ্যে জিনিসপত্রের দাম বাড়ছে। দাম তো বাড়বেই। কতদিন আপনি অর্থনীতি হিসাব মতো, সময় মতো চালাবেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে একবার আমাদের ৯ শতাংশ হয়েছে। সেখান থেকে ৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে। এই দুরবস্থার মধ্যেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ।
আজকের সভায় মার্কিন ব্যবসায়ীরা কৃষি-বিদ্যুৎ-গ্যাস-মোটরযান খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা ১২ বছর ট্যাক্স হলিডে চেয়েছেন কিনা —এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা এভাবে আইন না করে দিয়ে একেক খাতের জন্য একেক রকম ট্যাক্স হলিডের কথা বলেছি। ‘মেড ইন বাংলাদেশ’ এই ধারণাটা যদি তারা সম্প্রসারিত করেন, তাহলে বাংলাদেশের উন্নতি হবে। এখন আমরা চাই, এই ধারণার মধ্য দিয়ে দেশে দ্রুততার সঙ্গে কর্মসংস্থান খাতে উন্নয়ন করতে।
অর্থমন্ত্রী বলেন, আমি বারবার বলেছি বাংলাদেশ নজিরবিহীন সুযোগের দেশ। এখানে বিনিয়োগ করে কখনো লোকসান করবেন না। লোকসানের কোনো সুযোগ নেই। এখন যদি বিনিয়োগ বা ব্যবসা না করে টাকা পকেটে নিয়ে ঘোরেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এটা ব্যবসায়ের জায়গা।
আ হ ম মুস্তফা কামাল বলেন, যারা এখানে দেখা করতে এসেছেন, তারা বিভিন্ন শিল্প ও বিনিয়োগ খাত থেকে এসেছেন। তাদের কেউ ইলেকট্রনিক্স, কেউ বিদ্যুৎ খাত এবং কেউ বিমা খাতে কাজ করেন। তারা সবাই চাচ্ছেন বাংলাদেশে তাদের ব্যবসা আরো সম্প্রসারিত করতে। তাদের আমরা সেই সুযোগের কথা বলেছি।

