ফুলগাজীতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মনিরা হক। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী তিনি উপজেলার সীমান্তবর্তী এলাকা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
দুপুরে কামাল্লা এলাকায় দেশ ডেইরি এগ্রো খামার পরিদর্শনকালে তিনি খামারের গবাদি পশু, জৈব সার ও বায়োগ্যাস প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেন। খামার কর্তৃপক্ষ জানান, তাদের উৎপাদিত দুধ ফেনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। খামারে শতাধিক হলস্টিন ফ্রিজিয়ান গরু রয়েছে এবং প্রতিদিন প্রায় ৪ শতাধিক লিটার দুধ উৎপাদন হয়।
এ সময় জেলা প্রশাসক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি ২০২৪ ও ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মুন্সীরহাট-কমুয়া পৈথারা সড়ক দ্রুত সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলে আশ্বাস দেন।
এর আগে সকালে তিনি আনন্দপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় এলাকার কয়েকটি সড়ক মাদক কারবারিদের চলাচলের রুট হিসেবে ব্যবহারের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
তিনি আনন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাথে মতবিনিময় করেন এবং ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ তারেক মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

