জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

কারাগারে থেকেই নাশকতানিয়ন্ত্রণে বিএনপি নেতা রফিক

জেল-প্রশাসনের দায়িত্বহীনতা নাকি সহযোগিতা!

গোলাম এহতেশামুল হক বিপ্লব
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার কাজে অর্থ যোগান দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ১২ মামলার আসামী ফেনী জেলা কারাগারে বন্দী থাকা দাগনভূঞা উপজেলার বিএনপি নেতা মোঃ রফিকের বিরুদ্ধে।
ফেনী জেলা জুড়ে নাশকতা ও নির্বাচন বানচাল করতে রফিক কারাগারে বসে নিয়মিত মোবাইল ফোনের মাধ্যমে কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার ফেনী জেল সুপারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন নাশকতা কর্মকান্ডে ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ী। তিনি তার লিখিত অভিযোগটি জেল সুপার অফিসে জমা দিয়েছেন।
এদিকে এ ঘটনা সামনে এলে সচেতন মহল বলছে, আইন অমান্য করে কিভাবে একজন আসামী জেলে বসে মোবাইল ফোন ব্যবহার করে! এটি কি জেল-প্রশাসনের সহযোগিতায় হয়েছে- নাকি দায়িত্বহীনতায় তা খতিয়ে দেখা দরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীর দাগনভ‚ঞা উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র ও মাতুভুঞা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম নাশকতার কাজে অর্থ যোগানদাতা-হত্যাসহ বিভিন্ন মামলায় (ডিজিআর, ১৮২/২৩ইং) গ্রেফতার হয়ে গত ৬ নভেম্বর-২৩ তারিখ থেকে ফেনী জেলা কারাগারে আটক রয়েছে। কারাগারে আটক থাকার পর থেকে রফিক নিয়মিত তার সিন্ডিকেটের সাথে সাক্ষাত ও মুঠোফোনে কথা বলে কর্মকান্ড তদারকি করছে। আইন অমান্য করে রফিক নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামী- ইয়াছমিন আক্তার ও বাহাদুর মিয়ার সাথে ফোনে কথা বলছে মর্মে এক ভুক্তভোগী প্রতিকার চেয়ে একটি আবেদন করেছেন ফেনী জেল সুপারের বরাবর। অভিযুক্ত আসামী রফিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান ভুক্তভোগী শাহাদাত হোসেন।
এছাড়াও রফিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হত্যা মামলাটির চার্জশিটভুক্ত (১৭/১৬৬, ১৮. ০৯. ২০১৩ ইং) ও ওয়ারেন্টভুক্ত আসামী। উক্ত মামলায় উচ্চ আদালতের-লিভ টু আপিল আদেশটি মামলার মূল নথি থেকে গায়েব করার অভিযোগ রয়েছে। এ অভিযোগের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারটি হত্যা মামলার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
রফিকের বিরুদ্ধে জাল জালিয়াতি করে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন ক্লিনিকের মালিক এবং দাগনভ‚ঞা ভাষাশহিদ আ. সালাম কলেজের মালিকানা জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে বলে সূত্র জানায়।
ফেনী জেলা কারাগারের জেল সুপার মো: ইকবাল হোসেন দৈনিক এবেলা’কে জানান, অভিযোগের কপিটি তিনি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *