ইভটিজিংয়ে বাধা দেয়ায় ফেনীতে পরীক্ষার্থীর ওপর হামলা
শহর প্রতিনিধি
ফেনীতে ইভটিজিংয়ে বাধা দেয়ায় এক দাখিল পরীক্ষার্থীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বখাটে সংগ্রাম (২৮) এর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী। গত মঙ্গলবার বিকেলে শহরের আদালত পাড়া সংলগ্ন খাজুরিয়ায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় সংগ্রামের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ জনকে আসামী করে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংগ্রাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের আবদুল হান্নানের ছেলে ও আলোচিত হামিদা চোরার নাতি। বর্তমানে সে খাজুরিয়া এলাকার হাজী কবির আহাম্মদ সড়কে পরিবারের সঙ্গে থাকে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে খাজুরিয়া এলাকার মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন হক ম্যানশনের পূর্বপার্শ্বে ফখরুলের স্যারের বাসায় প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায় আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ছাত্র মনতাসির বিন আতাউল্লাহ (১৫)। সেখানে আগের একটি ব্যাচ প্রাইভেট পড়া শেষে বের হওয়ার আগে রাস্তায় অপেক্ষায় থাকা মনতাসিরের কাছে তাদের সাথে পড়ুয়া একটি মেয়ের নাম- পরিচয় জানতে চায় বখাটে সংগ্রাম ও তার সহযোগিরা। মুনতাসির মেয়েটির নাম জানে না বলায় ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে বখাটেরা। এক পর্যায়ে বখাটে সংগ্রাম লোহার পেরেক লাগানো সেন্টারিংয়ের কাঠ দিয়ে মুনতাসিরকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সময় তার শোর-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বখাটেরা মুনতাসিরকে আবার পেলে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। মুনতাসির এবারের দাখিল পরীক্ষার্থী ও ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ি এলাকার আতাউল্লাহ হীল বাকীর ছেলে। আহত মুনতাসিরের বাবা আতাউল্লাহ হীল বাকী জানান, কিশোরগ্যাং লিডার
বখাটে সংগ্রাম ও তার সহযোগিরা এলাকায় ইভটিজিংসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তারা একটি মেয়ের নাম বলতে না পারায় আমার ছেলেকে গুরুতর আহত করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বৃহস্পতিবার থেকে মুনতাসিরের দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। এ অবস্থায় সে পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

