অন্যান্যজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতসহ ১৫ জন গ্রেপ্তার

শহর প্রতিনিধি

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) ফেনী মডেল থানার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার রামতারা শিশু পার্কের ভেতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সালাউদ্দিন হৃদয় (২৬), পিতা-মৃত আবদুল হাই, সাং-বিরিঞ্চি (লতিফের বাড়ি মুদ্দা বাড়ি), ৩ নম্বর ওয়ার্ড, ফেনী পৌরসভা এবং মাসুদ রানা (২১), পিতা-নুরুল ইসলাম, সাং-পশ্চিম গোসাল (সাঈদ মেম্বারের বাড়ি), থানা-নাঙ্গলকোট, কুমিল্লা।
পুলিশ জানায়, সালাউদ্দিন হৃদয়ের বিরুদ্ধে ফেনী পৌরসভা, ফেনী মডেল থানা ও জেলা-ফেনীর বিভিন্ন আদালতে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে মাসুদ রানার বিরুদ্ধে চট্টগ্রামের বন্দর থানায় ৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া পৃথক অভিযানে চোর দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ফেনী মডেল থানা পুলিশ ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও ফেনী মডেল থানার কর্মকর্তাদের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান চালানো হয়।
পুলিশ আরও জানায়, ফেনী জেলার সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *