স্ত্রী প্রেমিকের সঙ্গে উধাও, তিন সন্তান রেখে দুধ দিয়ে গোসল করলেন স্বামী শাহজাহান
সোনাগাজী সংবাদদাতা
১২ বছরের সংসার ও তিন সন্তানের পিতা হওয়া সত্ত্বেও স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রবাসফেরত মোহাম্মদ শাহজাহান। শেষ পর্যন্ত নিজেকে ‘শুদ্ধ’ করার প্রতীকী প্রয়াসে আধা মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। বুধবার দুপুরে শাহজাহানের ওই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ ও কষ্ট প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি বাহরাইনে প্রবাসে ছিলেন। প্রায় এক যুগ আগে তাঁর বিয়ে হয়; তিন সন্তান নিয়ে সুখের সংসার চলছিল। কিন্তু হঠাৎ করেই স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রবাস থেকে দেশে ফিরে স্ত্রীর ফিরে আসার আশায় দুই সপ্তাহ অপেক্ষা করেছিলেন শাহজাহান। কিন্তু স্ত্রী আর ফেরেননি। অভিযোগ করে তিনি বলেন,“আমি ওর কোনো অভাব রাখিনি। অথচ সে প্রতারণা করেছে। নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।” নিজের দুধ দিয়ে গোসলের ব্যাখ্যা দিতে গিয়ে শাহজাহান জানান, “আমি দুধ দিয়ে গোসল করেছি নিজেকে মানসিকভাবে শুদ্ধ করার জন্য।”
এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্ত্রী চলে যাওয়ার পর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেছিলেন শাহজাহান। ব্যর্থ হয়ে পরে স্থানীয়দের উপস্থিতিতে প্রতীকীভাবে আধা মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

