জামায়াত করার অভিযোগে মসজিদের মোয়াজ্জিনের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী গ্রামের কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন মাওলানা আলিমুদ্দিনকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমানের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের মোয়াজ্জিন মাওলানা আলিমুদ্দিনকে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে মসজিদ কমিটির সভাপতি ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে একজন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।
