দাগনভূঞায় চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নুর হোসেন
শনিবার সকাল ১০.০০ টায় চারণ সাংস্কৃতিক কেন্দ্র, দাগনভুঞা শাখার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও দাগনভূঞা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক। চারণ সাংস্কৃতিক কেন্দ্র দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি রাজু ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনী জেলার সভাপতি অর্জুন দাস। প্রধান অতিথি তার বক্তব্যে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিস্তৃত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন । তিনি বলেন, ‘আমাদের দেশকে ভালবাসতে হবে, তাহলে আমরা কোন খারাপ কাজের দিকে যাব না।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী জেলার সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, সংগীতের প্রশিক্ষক সুনীল দেবনাথ, দাগনভূঞা চারণের সাধারণ সম্পাদক দীপংকর দাস, বাসদ জেলা কমিটির সদস্য সিরাজ উল্লাহ ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও চিত্রাংকন বিষয়ে প্রতিটিতে চার বিভাগে মোট ৫৪ জন প্রতিযোগীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই দিয়ে পুরস্কৃত করা হয়।
