অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিনিধি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার মামলাগুলো দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

নিজাম হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এরমধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

নিজাম হাজারীর বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক মোহা. নূরুল হুদা।

আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২), ৪ (৩) ধারায় ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, নিজাম হাজারীর ৮২ ব্যাংক হিসাবে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ টাকা উত্তোলন করেছেন। তার ব্যাংক হিসাবে ১২ কোটি ৬১ লাখ টাকা জমা আছে।

গত সেপ্টেম্বরে নিজাম হাজারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *