দেশ ১৬ বছর কালো অধ্যায় পার করেছে:জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার

বিশেষ প্রতিনিধি :- মির্জা নাদিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ১৬ বছর দেশ একটি কালো অধ্যায় পার করেছে। সোমবার বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে তালা উপজেলা জামায়াতের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সবকিছু ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি, এক দল ও এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্য একটি ফ্যাসিবাদী শাসনামল চালু করা হয়েছিল। সেই শাসনামলে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ছিল না। এই সময়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে।”
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনার সব খুনের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। তিনি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, “আল্লাহ বেশি সময় দেননি। দাম্ভিক, অহংকারী ও প্রতিহিংসাপরায়ণ শাসকদের আল্লাহ হয়তো ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। জামায়াত-শিবিরের ওপর হাত দেওয়ার সাত দিন পরই আল্লাহ তাকে নিষিদ্ধ করে দিলেন। আর জামায়াত-শিবিরকে মর্যাদায় উত্তীর্ণ করলেন।”
জামায়াতের এই কর্মীসভায় সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
