জেনারেল (অঃ) মাসুদ চৌধুরী এমপি, আলাউদ্দিন নাসিমের বাড়ি ও আ.লীগ কার্যালয় ভাঙচুর
বিশেষ প্রতিনিধি
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর বাড়ি, ১/১১ সরকারের প্রধান জেনারেল মাসুদ চৌধুরী এমপির সোনাগাজীর বাড়ি ও ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার রাতে ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে হামলার ঘোষণা দেয়। ঘোষণার পর বৃহস্পতিবার রাতে তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে নাসিমের বাড়ির দিকে রওনা দেন। ওখানে হামলা ও ভাঙচুর চালায়।
পরে ছাত্রজনতা ফেনী রেলস্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
রাত ৯টায় ফেনী ৩ আসনের জাতীয় পার্টির এমপি ১/১১ সরকারের মাস্টারমাইন্ড জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সোনাগাজী সুলাখালী গ্রামের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে স্থানীয় জনতাও অংশ নেয়।
ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন শাকিল বলেন, বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি-৩২ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ সন্ধ্যায় ৭টায় প্রোগ্রাম দেওয়া হয়েছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহতরা ভাইরা মিলে আজকে এখানে কর্মসূচি পালন করি।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এর আগে গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা নাসিমের ফেনীর বাসভবন ও স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল।

