ফেনী সরকারী কলেজের বেদখল জমি উদ্ধারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহর প্রতিনিধি
ফেনী কলেজের বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নিয়েছে কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন ‘ফেনী কলেজের জায়গা লই চুদুরবুদুর চইলতো ন’ স্লোগান দিয়ে থাকে। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল হালিম মানিক, ছাত্রশিবিরের সভাপতি মো. ইউনুস, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ, মুহাইমিন তাজিম ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম পলাশ।
বক্তারা বলেন,ফেনী সদর হাসপাতালের পূর্ব পাশে ভূমিদস্যু কর্তৃক শতকোটি টাকার জমি অতীতেও দখল করেছে। ফেনী কলেজের জায়গা জবর দখল করে দোকান ঘর ভাড়া দিয়েছে। বর্তমানে একটি ভূমিদস্যু চক্র ফেনী সরকারি কলেজের জায়গা জবর দখল করে দোকান ঘর তৈরি করছে। আগামী ১০ দিনের মধ্যে জবর দখল করা জায়গা দখল মুক্ত করতে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সরকারি কলেজের ছাত্র ছাত্রীদের উদ্যেগে সদর হাসপাতাল সংলগ্ন জায়গায় লং মার্চ পালন করা সহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

