পরশুরামে ভারত থেকে অনুপ্রবেশকারী নাইজেরিয়ান নাগরিক আটক
গাজী মাসুদ পরশুরাম
ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় অনুপ্রবেশের চেষ্টায় আরো কয়েকজন নাইজেরিয়ান নাগরিক বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আবার ভারতে ফিরে যায়।
গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৩ টার দিকে নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গিলভার্ট এপে (৪৫) নামের নাইজেরিয়ান এই নাগরিককে আটক করে। তার বাবার নাম এপি ও মায়ের নাম নিকিরো। তিনি নাইজেরিয়ার অনিশা আনাম্বারা প্রদেশের স্থায়ী বাসিন্দা।
বিজিবি’র ফেনী ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোশাররফ হোসেন, নাইজেরিয়ান নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, নাইজেরিয়ান নাগরিকরা ভারতে অবস্থান করে। পরে ভারতীয় দালালের মধ্যস্থতায় বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এর আগেও নিজ কালিকাপুর সীমান্ত থেকে আরও কয়েকজন নাইজেরিয়ান কে আটক করে বিজিবি। স্থানীয়রা জানান, নাইজেরিয়ান নাগরিকরা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নিজ কালিকাপুর সীমান্তকে নিরাপদ মনে করে। ভারত থেকে বাংলাদেশে এই সকল নাইজেরিয়ান নাগরিকদের কে বাংলাদেশে অনুপ্রবেশের ক্ষেত্রে ভারতীয় ও বাংলাদেশি বেশ কিছু দালাল সক্রিয় থাকে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিজিবি’র হাতে আটককৃত নাইজেরিয়ান নাগরিক থানায় সোপর্দ করেছে বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি মামলা দায়ের করেছে।

