ফেনী-১ আসনে জামায়াতের প্রার্থীর সাথে মতবিনিময়।
মহিউদ্দিন সেজু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে রাজনৈতিক কার্যক্রম জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এস. এম. কামাল উদ্দিন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ ) দুপুরে ফুলগাজীতে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী উপজেলা শাখা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এস. এম. কামাল উদ্দিন বলেন, “জনগণের আস্থা ও সমর্থনই আমার মূল শক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আমরা মাঠে কাজ করছি ইনশাআল্লাহ।”
তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যার দিকেও আলোকপাত করেন। বিশেষ করে মুহুরী নদী, ছিলোনিয়া নদী ও কহুয়া নদীর ভাঙন, দখল ও পানিপ্রবাহের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সামাজিক অস্থিরতার অন্যতম কারণ মাদক নির্মূলের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নদীভাঙন ও মাদক সমস্যা ফুলগাজী ও পরশুরাম অঞ্চলের ভোটারদের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে এসব ইস্যুতে সরাসরি প্রতিশ্রুতি প্রদান প্রার্থীর জনভিত্তি শক্তিশালী করতে সহায়ক হতে পারে।
সভায় তিনি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে জনগণ সচেতন হয়, আর সচেতন জনগণই পারে দেশকে পরিবর্তন করতে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনী কার্যক্রমও গতিশীল হবে।
মতবিনিময় সভায় ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

