কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় ভয়ংকর পরিণতি আসবে-সালাহউদ্দিন আহমদ
বিশেষ প্রতিনিধি
কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন চাইলে তা বাংলাদেশের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত পদ্ধতি। এর বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ংকর পরিণতি নিয়ে আসবে।” তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সূচিতে এই পদ্ধতির প্রস্তাব না থাকলেও, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যদি এই দাবি নিয়ে আন্দোলনে নামে, তবে বিএনপি রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে।
জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে এক ভয়ংকর চর্চায় রূপ নেবে। তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এবং ‘পতিত শক্তি’ সুযোগ নেবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং এ বিষয়ে বিচারিক প্রক্রিয়া নির্ধারণ করা উচিত।

