অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী জেল গেট থেকে বারবার আসামী বানিয়ে গ্রেফতার, জেল সুপারকে আদালতে তলব

বিশেষ প্রতিনিধি

আদালত থেকে মুক্তির পর জেল গেট থেকে একই আসামিকে বারবার গ্রেফতার করার ঘটনায় ফেনীর জেল সুপারকে তলব করেছেন আদালত। সোমবার বিকালে ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এই আদেশ দেন।

জানা যায়, একজন আসামি সুফিয়ান ১৯ এপ্রিল গ্রেফতার হন। পরে ২৪ জুন তিনি দায়রা আদালত থেকে জামিনে মুক্তি লাভ করলে, ২৫ জুন জেল গেট থেকে তাকে পুনরায় আরেকটি মামলায় গ্রেফতার করা হয়। ওই মামলায় ২ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর, ৩ জুলাই তিনি কারাগার থেকে বের হওয়ার সময় জেল গেট থেকে আবারও গ্রেফতার হন। এরপর ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর শহরের হাসপাতাল মোড় থেকে তাকে আটক করে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আসামির জামিননামা জেলা কারাগারে পৌঁছানোর পর জেল সুপার আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকা সত্ত্বেও তাৎক্ষণিক মুক্তি না দিয়ে টাকার আদায়ের চেষ্টা করে। চাহিদা অনুযায়ী টাকা না পেলে কতিথিত এক দালালের মাধ্যমে চেষ্টা করে। এতেও কাজ না হলে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং ডিএসবি পুলিশকে ফোন করে জেল গেট থেকে পুনরায় গ্রেফতারের ব্যবস্থা করেন।

একই ব্যক্তিকে আদালত থেকে জামিন নেওয়ার পর বারবার জেল গেট থেকে নতুন মামলায় গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক, বেআইনি, অসাংবিধানিক, একজন মানুষের মৌলিক অধিকার পরিপন্থী এবং পেশাগত অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে আদালত।

আদালতের ফরওয়ার্ডিংয়ে বলা হয়, উদ্বেগের সঙ্গে আদালত লক্ষ্য করছে যে আসামিসহ সম্প্রতি বহু ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেলখানার প্রধান গেট থেকে আটক হচ্ছেন, যার দায়ভার সম্পূর্ণভাবে জেল সুপারের ওপর বর্তায়।

এই প্রেক্ষিতে, কেন এই বেআইনি কাজের দায়ভার জেল সুপারের ওপর বর্তাবে না এবং কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—এই মর্মে আগামী ৩১ জুলাই সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ফেনী জেলা কারাগারের জেল সুপারকে। প্রয়োজন হলে আদালত কর্তৃক উত্থাপিত সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেনী কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘জেল গেট থেকে একই ব্যক্তিকে বারবার গ্রেফতারের ঘটনায় আদালতের তলবের কথা মৌখিকভাবে শুনেছি, তবে এখনো আদেশের কপি দেখিনি।’

এদিকে, ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল জলিল যুগান্তরকে বলেন, ‘আদালতের আদেশের কথা শুনেছি। আদালত যেকোনো সময় আমাদের তলব করতে পারেন। আমি কোনো আসামিকে জেল গেট থেকে গ্রেফতারের ব্যবস্থা করিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সঙ্গে আমি জড়িত নই।’ তবে আদেশের বিষয়ে সত্যতা যাচাই করতে ফেনীর আদালতের সিনিয়র আইনজীবীর এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু ও এডভোকেট পিয়াস আদালতের এমন আদেশের কথা তারা শুনেছেন। জেলগেইটে আসামিকে আবারও গ্রেফতার দেখানো বিষয়টি অমানবিক কাজ বলে তারা মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *