ফুলগাজী থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কোলে ফিরল স্কুলছাত্রী
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী থানা পুলিশের দ্রুত পদক্ষেপ ও মানবিক আচরণে ঘরে ফিরে গেছে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী।
ফুলগাজী থানা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর নাম বিবি আয়েশা। সে খন্ডলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ড হাই বাজার এলাকার চা দোকানি পারভেজের মেয়ে।
পারভেজ জানান, রোববার সকালে হঠাৎ করেই আয়েশা কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ খবর পায়।
খবর পেয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান ও উপ-পরিদর্শক নুরুল করিম তাৎক্ষণিক উদ্যোগ নেন। অনুসন্ধানের মাধ্যমে আয়েশাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে তাকে বাবা পারভেজ ও মা আসমা আক্তারের কাছে হস্তান্তর করেন পুলিশ কর্মকর্তারা।
মেয়ের নিরাপদ প্রত্যাবর্তনে কৃতজ্ঞতা প্রকাশ করে পারভেজ বলেন,
পুলিশের সহযোগিতা না পেলে হয়তো আমরা কখনোই আমাদের মেয়েকে ফিরে পেতাম না। থানার ওসি ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।”
স্থানীয় এলাকাবাসীরাও পুলিশের এ তৎপরতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।

