“উপদেষ্টা পরিষদে ভরসা ছিলো বড় ভুল”—নাহিদ ইসলাম
বিশেষ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজনকে বিশ্বাস করাটা ছিলো তাদের সবচেয়ে বড় ভুল। সেই আস্থার প্রতিদান প্রতারণায় গিয়েই শেষ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি শিগগিরই ওই উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে যোগ দিয়েছিলেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করলে তরুণদের দল এনসিপি নেতৃত্ব নেয়। বর্তমানে উপদেষ্টা পরিষদে রয়েছেন দুই ছাত্রনেতা।
একাত্তর টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ বলেন, “ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকত না।” তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, কয়েকজন উপদেষ্টার প্রতি ভরসা রাখাই ছিলো সবচেয়ে বড় ভুল, যারা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছেন।
নাহিদের দাবি, উপদেষ্টা পরিষদের অনেকেই এখন ‘সেফ এক্সিট’-এর পথ খুঁজছেন। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপন যোগাযোগও রক্ষা করছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”

