নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ নির্বাচন না করেই রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা-তারেক রহমান
এতেশামুল হক বিপ্লব বিশেষ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজতৈনিকভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালোকের মতন পরিষ্কার- পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দেড় দশকের ফ্যাসিবাদী চক্রের কবল থেকে দেশকে মুক্ত করতে গিয়েও অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছেন। শুধুমাত্র জুলাই-আগষ্টেই শহীদ হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র-জনতা-নারী-পুরুষ-কৃষক-শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে নেমে এসেছিলেন?
আমাদের জানা থাকা দরকার জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই রাজপথে নেমে এসেছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি, অবশ্যই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলবা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দরকষাকষি করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্যই হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি।
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে তখন কয়েকটি রাজনৈতিক দলঅন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যতঃ গণতন্ত্রকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে/অবস্থান নিয়েছে।
আমি আবারো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারী মাসে জনগণের মুখোমুখী হোন। আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে রাখা দরকার নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদেরবাইরেও কিন্তু অরাজনৈতিক কিংবা নির্দলীয় এক বিশালসংখ্যক জনগোষ্ঠি রয়েছেন।
এই লাখো কোটি অরাজনৈতিক কিংবা নির্দলীয়জনগোষ্ঠীর প্রত্যাশা বাস্তবায়নের দিকে নজর দেয়া রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের গুরুত্ত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি।
মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিলো অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছেন। কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই বিশালসংখ্যক জনগোষ্ঠির নিত্যদিনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো কি আলোচিত হয়েছিল?
আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি-শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান নিয়ে আলোচনা করেছিলেন? নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান তরুণ জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছিলো? দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠির প্রতিটিদিনের জীবন যুদ্ধের কথা কি রাজনীতিবিদদের আলোচনার তালিকায় স্থান করে নিতে পেরেছিলো?
দেশে কিন্তু শুধু কোটা সংস্কার নয় নিরাপদ সড়কের জন্যও তুমুল আন্দোলন হয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত এক বছরে দেশে সড়ক পথে কমপক্ষে সাত হাজার মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে মধ্যে ৪৮ শতাংশই নারী-শিশু ও পথচারী। আহত হয়েছেন ১৩ হাজার মানুষ।
বিশ্বে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহতদের তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয়ে শত শত দফা নিয়েআলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি কি আলোচনায় জায়গা করে নিতে পেরেছিলো? এইসব প্রশ্নগুলো কাউকে দোষারোপ করার জন্য নয়।
বরং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা কথা দাঁড়িয়ে আছি কিংবা আমার নিজের কাছেই আমার প্ৰশ্ন আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য? দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কিছু প্রশ্ন আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এ জন্য আজ আমি আপনাদের কাছে একটু অতিরিক্ত সময় চেয়ে নিচ্ছি। আশা করি বিরক্ত হবেন না।
আমি মনে করি, প্রচলিত রাজনীতির গুণগত সংস্কারচাইলে পুঁথিগত সংস্কারের চেয়ে জন নিরাপত্তার বিষয়গুলো জনগণের জীবনঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় আরো গুরুত্ব পাওয়া দরকার।আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার আরো অধিক মনোযোগী হওয়া দরকার।
আমি আজকের এই আলোচনা সভায় আরো কয়েকটি বিষয়ের প্রতি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যতটুকু জেনেছি, দেশে এবার ১ কোটি ১৫ লাখ টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা মনে হয় বিপাকে পড়েছেন। কারণ আলুর উৎপাদন খরচ এবং উৎপাদিত আলু হিমঘরে রাখতে প্রতি কেজি আলুর পেছনে খরচ পড়ছে প্রায় ২৫ থেকে ২৭ টাকা। অথচ আলু চাষিরা এখন অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি করতেপারছেন না।
সবশেষে, রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ কথাটি আমি এর আগেও একবার বলেছিলাম, উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অফ কোরিয়া’।সংবিধানে লেখা থাকলেই সব কিছু নিশ্চিত হয়ে যায়না। আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে মোনাফেকী দৃষ্টিভঙ্গির পরিবর্তন। প্রয়োজন মানসিকতার পরিবর্তন। প্রয়োজন রাজনৈতিক সমঝোতার। প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতা। সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য।
দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত/দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। এটি কথার কথা নয় এটি প্রমাণিত সত্য। রাজনৈতিক ঐক্যমত কমিশনের প্রতিটি দফা পর্যালোচনা করলে দেখা যাবে, বিএনপি অধিকাংশ পয়েন্টেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে।
অতএব, আমাদের বক্তব্য পরিষ্কার।জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে কোন রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছে তাই আদায় করে নিতে চায় কিংবা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশলের আশ্রয় গ্রহণ করে সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় কিনা সে ব্যাপারে সতর্ক থাকা দরকার।ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের প্রতি আহবান, অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত নস্যাৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরে সংঘটিত সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, .তিনি বলেছিলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি-বিভাজন আমাদের দুর্বলতা’
পরিশেষে আমি পুনরায় একটি স্লোগান উচ্চারণ করে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি ‘দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ’।

