ফুলগাজীতে জ্বালানি সংকটের মধ্যে মোটরসাইকেলের কাগজ তল্লাশি
মহিউদ্দিন সেজু
ফেনী জেলার ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় অবস্থিত ভাই ভাই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের বর্তমান সংকটের প্রেক্ষাপটে এক বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মোটরসাইকেলের অতিরিক্ত চাপ এবং জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতার কারণে ফিলিং স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়।
এ সময় এসআই মোহাম্মদ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেলগুলো দাঁড় করিয়ে তদারকি করেন।
অভিযানের অংশ হিসেবে প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট পরীক্ষা করা হয়। যেসব চালকের কাগজপত্র ঠিক ছিল না বা হেলমেট ছিল না, তারা অনেকেই স্থান ত্যাগ করেন।
জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেলগুলোতে পেট্রোলের পরিবর্তে অকটেন সরবরাহ করা হয়। এতে করে স্টেশন এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং নিয়ন্ত্রিতভাবে জ্বালানি বিতরণ সম্ভব হয়।
স্থানীয়দের মতে, পুলিশের এমন উদ্যোগে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা কমেছে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে।

