যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকলেও সেখানে প্রবেশ নিশ্চিত নয়
বিশেষ প্রতিনিধি
ঢাকার মার্কিন দূতাবাস সতর্ক করেছে, । শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, মার্কিন ভিসা কেবল ভ্রমণের প্রাথমিক অনুমতিপত্র, কিন্তু চূড়ান্ত প্রবেশের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তার হাতে।
দূতাবাস জানিয়েছে, একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং সেখানে কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণের পূর্ণ ক্ষমতা ইমিগ্রেশন কর্মকর্তার রয়েছে। অর্থাৎ, বৈধ ভিসা থাকলেও তারা প্রবেশে বাধা দিতে পারেন। একইসঙ্গে ভিসাধারীদের সতর্ক করা হয়েছে, অনুমোদিত মেয়াদ অতিক্রম করা বা ভিসার শর্তভঙ্গ করে কাজ করা গুরুতর অপরাধ। উদাহরণস্বরূপ, ট্যুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা সম্পূর্ণ বেআইনি। এমন লঙ্ঘনের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে দেশটিতে থাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসাই ভবিষ্যতে ভিসা প্রাপ্তি বা ভ্রমণের সুযোগ নির্ধারণ করে।
সম্প্রতি ভিসা জালিয়াতি এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থানের বিরুদ্ধে প্রশাসনের কড়াকড়ির অংশ হিসেবে দূতাবাস নিয়মিত এই ধরনের সচেতনতামূলক বার্তা প্রচার করছে।

