কালবৈশাখীর তাণ্ডবে বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বজ্রপাতে একটি বড় গাছ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে।
১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার পুরাতন মুন্সিরহাট এলাকার আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকে আকাশে কালো মেঘ জমে প্রবল ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়।
এরই মধ্যে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মাঠের পাশের একটি বড় গাছে আঘাত হানে। মুহূর্তের মধ্যেই গাছটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। বজ্রপাতের তীব্র শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার সময় মাঠের আশপাশে মানুষজন থাকলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে কালবৈশাখী ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়া খবরও পাওয়া গেছে।

