ফেনীর শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সোনাগাজীর কৃতি শিক্ষিকা রিংকু রানী শীল।
সংবাদদাতা
ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন সোনাগাজীর দৌলতকান্দি এলাকার কৃতি শিক্ষিকা রিংকু রানী শীল। তাঁর এই অসামান্য অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে সোনাগাজী উপজেলা ও পুরো ফেনী জেলার শিক্ষা অঙ্গনেও বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসা এই শিক্ষিকা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
রিংকু রানী শীল শুধু একজন শিক্ষকই নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ অভিভাবক ও অনুপ্রেরণার নাম। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় একাডেমিক ফলাফল, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় কৃতিত্ব অর্জন করেছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, রিংকু রানী শীল অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী একজন শিক্ষিকা। তিনি সবসময় শিক্ষার্থীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের সঠিক দিকনির্দেশনা দেন। তাঁর পাঠদান পদ্ধতি সহজ ও আকর্ষণীয় হওয়ায় শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে।
ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের শ্রম ও নিষ্ঠারই ফল।
এ বিষয়ে রিংকু রানী শীল বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
তাঁর এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

