ফুলগাজীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে জনতার বিক্ষোভ
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন। রোববার বিকাল থেকে উপজেলার গাবতলা, মনতলা, নিলক্ষী, গোসাইপুরসহ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় এলাকাবাসীর ভোগান্তি চরমে ওঠে। এরই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় থেকে ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ফুলগাজী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও সেখানে পৌঁছান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন, অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য উপরস্থ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। এ আশ্বাস পাওয়ার পর বিক্ষুব্ধ জনতা শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাসস্থানে ফিরে যান।

