ফেনীতে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা
আনোয়ার হোসেন / মহিউদ্দিন সেজু
ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ের প্রকৌশল বিভাগের নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এছাড়া ফেনীর ফাতেপুর বিক্ষোভ ও পশুরামের আঞ্চলিক সড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ করার চেষ্টা করেন দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে রেলওয়ের নিয়মিত টহলদল শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। তাৎক্ষণিক সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন যুগান্তরকে বলেন, রেলওয়ে প্রকৌশল বিভাগের টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় হয়নি।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, দুর্বৃত্তরা রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করে। রাত ৩টা ১৫ মিনিটে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত শনিবার ভোরে ফেনী শহরতলীর দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের আঁধারে রেলপথের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে ফেনীতে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ বুধবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর সদর উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা কাঠে আগুন দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। তবে ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কর্মসূচিতে ১৫ থেকে ২০ জন মুখে মাস্ক পরে অংশ নেন। এ সময় তাঁরা ক্ষমতাচ্যুত বিনাভোটের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে স্থান ত্যাগ করেন। এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সামসুজ্জামান।
অন্যদিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কেও টায়ারে আগুন দিয়ে অবরোধ করার চেষ্টা করেন কিছু যুবক। রাত ১০টার দিকে উপজেলার চিথলিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণের মধ্যেই অবরোধকারীরা পালিয়ে যায়। পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অজ্ঞাতপরিচয়ে কয়েক যুবক রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দ্রুত সরে পরে। এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

