সোনাগাজীতে অতিরিক্ত ভাড়া আদায়, ৫ অটোরিকশা চালককে জরিমানা
সংবাদদাতা
ফেনীর সোনাগাজী-ফেনী সড়কে রাতের বেলা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ জুন) বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ গেট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ এবং ভাড়া আদায়ের বিষয়টি তদারকি করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট এক হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ‘যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

