জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী জেলা বিএনপির ৯ শীর্ষ নেতা-কর্মী আটক

মফিজুর রহমান

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সভাপতি, সম্পাদক, পৌর বিএনপির সভাপতি সহ বিএনপির ৯ নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ভোর রাতে তাঁদের আটক করা হয়।
বিএনপির নেতা-কর্মীরা জানান, রোবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক। এ সময় গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। সকাল পৌনে ৭টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর সেতু এলাকায় মিছিল বের করেন। মিছিল শুরুর কিছুক্ষণ পরই পুলিশ সেখানে হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করে। আটক নেতা-কর্মীরা হলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা মো. আরমান হোসেন। এ সময় হামলায় আহত হন ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ কয়েকজন নেতা-কর্মী। এ সময় পুলিশের হামলা ও ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। শনিবার মধ্য রাতে অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকার, যুবদলের স্থানীয় নেতা মো. ইসমাইল ও মো. মুন্নাকে আটক করে র‌্যাব। রাতেই তাঁদের চারজনকে ফেনী সদর মডেল থানা-পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে ফেনী র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ঢাকায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ফেনী ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ ১৩টি মামলা রয়েছে।’
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী যুগান্তরকে বলেন রোববার সকালে পাঁচজন ও রাতে র‌্যাবের অভিযানে চারজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। তা ছাড়া মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *