জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

আনসারকে আটকের ক্ষমতা দেয়া থেকে পিছু হটছে সরকার-বিবিসি

ঢাকা অফিস

বাংলাদেশে আনসার ব্যাটালিয়ন সদস্যদের আটকের ক্ষমতা দিতে সংসদে যে বিল উত্থাপন করা হয়েছে তা নিয়ে পুলিশের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলছেন যে আনসারকে গ্রেফতারের অনুমতি আগেও দেয়া হয়নি, এখনও দেয়া হবে না।

যদিও ব্যাটালিয়ন আনসার আইন সংশোধন করে ‘ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার’ ক্ষমতা দেয়ার বিধান রেখেই আনসার ব্যাটালিয়ন আইন ২০২৩ সংসদে উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন সংসদীয় স্থায়ী কমিটিতে আছে।

সোমবার সংসদে বিলটি উত্থাপন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজেই, যা নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

পুলিশের একজন সাবেক আইজিপি বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচনের আগে আনসারকে আটক করার ক্ষমতা দেয়ার প্রস্তাবটি অযৌক্তিক এবং তিনি মনে করে এটিতে নির্বিচারে গ্রেফতারের সুযোগ তৈরি হতে পারে, যা জনগণের ভোগান্তি ও হয়রানি বাড়িয়ে দেবে বলে মনে করেন তিনি।

সিনিয়র আইনজীবী ডঃ শাহ্দীন মালিক বলছেন সরকার যদি যেভাবে বিল উত্থাপন করেছে তা থেকে সরে আসে, কিংবা যে ধারা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সেটি সংশোধন করে নেয় তাহলে সেটি হবে স্বস্তির বিষয়।

“কারণ যেভাবে উত্থাপন করা হয়েছে সেভাবে পাশ হলে এটি নির্বাচনের সময় বিরোধী দল দমনের জন্য আরও বিশ হাজার লোকের সংখ্যা বাড়াবে মাত্র। পাশাপাশি এর জন্য কত ডজন আইন পরিবর্তন করতে হবে তার কোন ইয়ত্তা নেই,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

ওদিকে বিএনপি ও জাতীয় পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দলগুলোই সংসদে উত্থাপিত বিলে আনসার ব্যাটালিয়ন সদস্যদের এ ধরণের ক্ষমতা দেয়ার প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে।

এ সমালোচনার মূল কারণ হিসেবে আসছে জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ।

নির্বাচনে আনসার বাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহায়ক ফোর্স হিসেবে কাজ করে। কিন্তু তাদের আটকের ক্ষমতা দেয়া হলে সেটি মানুষের মধ্যে ভীতি তৈরি করবে এবং বিরোধী দল দমনেও অপব্যবহার হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *