ফেনী জেনারেল হাসপাতালে রোগী দেখেন ইভেন্ট বয়, নিয়ন্ত্রণে মস্তান গ্রুপ
শহর প্রতিনিধি
ফেনী জেনারেল হাসপাতালে প্রতারণা করার সময় আবু সালেহ মোহাম্মদ মারজান (২০) নামে এক ভুয়া চিকিৎসক কে আটক করেছে রোগীর স্বজনরা। তিনি ফটোগ্রাফার হিসেবে স্থানীয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের বয়ের কাজ করেন। ২ অক্টোবর হাসপাতালের শিশু বিভাগ থেকে তাকে আটক করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ডাক্তার সেজে বেশ কিছুদিন রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মারজান। প্রতি দিনের মতো সোমবার ও হাসপাতালের শিশু বিভাগে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করে আসছিলেন পতারক। একজন সচেতন রোগীর স্বজন মারজানের প্রতারণা ধরতে পারেন। এমন সময় হাসপাতালে চিকিৎসক আসার খবর পেয়ে পালানোর সময় দারোয়ান আব্দুস সাত্তার ও বাবুর্চি সুমন সহ রোগীর স্বজনরা তাকে আটক করে হাসপাতালে কর্তব্যরত পুলিশে সোপর্দ করে।
অন্যদিকে হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা জানায় এ হাসপাতাল নিয়ন্ত্রণ করে একটি মস্তান গোষ্ঠী।৷ ২৪ঘন্টার মধ্যে গড়ে ডাক্তার থাকে ২ঘন্টা। বাকী ২২ঘন্টা হাসপাতাল নিয়ন্ত্রণ করেন একটি মস্তান গ্রুপ। তাদের কোন অপরাধে প্রতিবাদ করলে আপনাকে লাঞ্ছিত বা হামলার শিকার হতে হবে।
হাসপাতাল পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে নানাবিধ ভুয়া তথ্য দেয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় পাঠানো হয়।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) শাহীন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আইনানুগ ব্যবস্থার জন্য তাকে থানায় পাঠানো হয়েছে। জানা গেছে, আবু সালেহ অষ্টম শ্রেণি পাস, তার নামে মামলা হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আব্দুর রহমান সুমন বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

