মহাসড়কে গাড়ীতে আগুন দেওয়ার সময় শিবির নেতা আটক
সদর প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে পিকেটিংকালে গাড়ীতে অগ্নিসংযোগের সময় শিবির নেতাকে ধরে পুলিশে দিলেন স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সে পরশুরামের মির্জানগর ইউনিয়নের শালধর এলাকার মন্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ফতেহপুর ফ্লাইওভার এলাকায় দুটি মোটরসাইকেল করে ছয় জন লোক মহাসড়কের ফতেহপুর এলাকায় নেমে গাড়ির টায়ারে অগ্নি সংযোগের চেষ্টা করছিলো। এসময় স্থানীয়রা খবর পেয়ে তাদের ধাওয়া করে। পরে একজনকে আটক করে তারা।
আটককৃত শিবির নেতা মোহাম্মদ শরিফুল ইসলাম ফেনী শহর শিবিরের সেক্রেটারী। সে পরশুরামের মির্জানগর ইউনিয়নের শালধর এলাকার মন্টু মিয়ার ছেলে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শী শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাদারণ সম্পাদক মো. এনাম জানান, তারা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাতে নাতে নাশকতাকারীদের আটক করেন তারা।
জেলা শিবির সূত্র নিশ্চিত করেছে আটককৃত ব্যক্তি ফেনী পৌর কমিটির সেক্রেটারি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ও সদস্য ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, আইন হাতে তুলে না নিয়ে অপরাধীকে তারা আইনের হাতে হস্তান্তর করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ফতেহপুরে একজন আটকের তথ্য নিশ্চিত করেন।

