চার-পাঁচ দিনের মধ্যে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি
আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ জানাবেন জাতিকে।
আজ শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানানোর দাবি করে আসছে বেশ কিছুদিন ধরে।
এই আবহে আজ প্রধান উপদেষ্টা আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ জানাবেন বলে জানা গেল।
আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পবিত্র রমজান মাস শুরু হবে। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সংস্কার কাজের পর্যাপ্ত অগ্রগতি হলে রোজার আগেই নির্বাচন করা সম্ভব। সে হিসাবে ৫, ৮, ৯, ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি কোনো এক দিন নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হওয়ার পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের তিনটি প্রধান এজেন্ডা হলো- জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু জাতীয় নির্বাচন।
ইতিমধ্যে গণহত্যার বিচারকাজ শুরু হয়েছে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বেশ কিছুটা এগিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে ইতিমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচনের জন্য অপেক্ষা রাজনৈতিক দল ও দেশের সব শ্রেণির মানুষের ।

