দুর্গাপূজায় ফেনী পুলিশের সাইবার নিরাপত্তা টিম
বিশেষ প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফেনীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময়ে গুজব ও অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তিতে বিশেষ টিম কাজ করবে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।
মঙ্গলবার দুপুরে ফেনী জেলা পুলিশ লাইনস, মিলনায়তনে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
এসপি হাবিবুর রহমান বলেন, “পূজার পূর্বে, পূজা চলাকালীন এবং বিসর্জনের সময়—এই তিন ধাপে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এ বছর জেলার ৬টি উপজেলায় মোট ১৫০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ সদস্যকে ছোট ছোট দলে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে থাকবে স্থায়ী পুলিশ স্ট্যান্ড। পাশাপাশি থাকবে ডিবির কুইক রেসপন্স টিম এবং সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। গুজব ঠেকাতে সাইবার মনিটরিং সেলও কাজ করবে।”
তিনি আরও জানান, দুর্গাপূজার সময় প্রত্যন্ত এলাকার মণ্ডপে পৌঁছাতে পুলিশের টিম নৌযোগেও কাজ করবে।

