জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

দেশের সম্পদ বৃদ্ধি ব্যবসায়ীদের দায়িত্ব: ফেনীতে পরিবেশমন্ত্রী-মিন্টু

শহর প্রতিনিধি

দেশের সম্পদ বৃদ্ধি করা দেশের ব্যবসায়ী সমাজের দায়িত্ব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। তিনি ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FCCI)-এর নবনির্বাচিত পরিষদ ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এই আহবান জানান।
“অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য
বক্তব্যে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের সম্পদ বৃদ্ধি করা দেশের ব্যবসায়ী সমাজের দায়িত্ব। নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ব্যবসায়ী সমাজ শুধু নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানই পরিচালনা করেন না, বরং তাঁরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
ঢালাওভাবে সমালোচনা গ্রহণযোগ্য নয়
মন্ত্রী তাঁর বক্তব্যে ব্যবসায়ীদের প্রতি একপেশে সমালোচনার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, অনেকে ঢালাওভাবে সব ব্যবসায়ীদের সমালোচনা করেন, কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, অনেক ব্যবসায়ীই নিয়ম কানুন মেনে ব্যবসা পরিচালনা করে থাকেন এবং দেশের অগ্রগতিতে তাঁদের অবদান রয়েছে, যা প্রশংসার দাবি রাখে। এ সময় তিনি নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন।
সম্পদের বণ্টন সম্ভব, দারিদ্র্যের বণ্টন সম্ভব নয়
মন্ত্রী তাঁর বক্তব্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল উৎস হিসেবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি একমাত্র ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, সম্পদের ভাগ-বাটোয়ারা বা বিলি বণ্টন করা গেলেও দারিদ্র্যের এমন বণ্টন করা সম্ভব নয় অর্থাৎ সম্পদ সৃষ্টি না হলে তা বণ্টনের প্রশ্নই আসে না, বরং সম্পদ বৃদ্ধির মাধ্যমেই দারিদ্র্য দূরীকরণ সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
পরিবেশবান্ধব উন্নয়ন ও আঞ্চলিক বাণিজ্য নিয়ে দিকনির্দেশনা
অনুষ্ঠানে মন্ত্রী পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়েও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ব্যবসায়ীদের পরিবেশ সংরক্ষণ করে টেকসই উপায়ে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *