পরশুরাম উপজেলার চেয়ারম্যান পদে আ” লীগের দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা ফিরোজ-কামাল বাদ
পরশুরাম প্রতিনিধি
পরশুরামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ মজুমদার কে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেছে জেলা আওয়ামী লীগ।
এর আগে গত ১২এপ্রিল এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার কে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করে জেলা আওয়ামী লীগ। ঘোষণার পর কামাল মজুমদারের অনুসারীরা পরশুরাম বাজারে মিষ্টি বিতর ও আনন্দ মিছিল করে।
কামাল উদ্দিন মজুমদার কে দলীয় প্রার্থী ঘোষনা করার পর পরশুরাম উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ দলের নেতাকর্মী ও উপজেলার তিনটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ১৩ এপ্রিল বিকালে পরশুরাম উপজেলার আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিসহ শত শত নেতাকর্মী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী ২আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে দেখা করেন এবং তারা পরশুরাম উপজেলায় এবার উপজেলা চেয়ারম্যান পদে পরিবর্তনের দাবী জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, কামালের দলীয় মনোনয়ন বাতিলের বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের অভিভাবক ফেনী ১আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত জানানো হবে।
পরে মধ্য রাতেই বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার কে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।

