জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে পিএফজির সভায় ইসলামী দলগুলোর অনুপস্থিতি, বিএনপি নেতাদের শান্তি আহ্বান।

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভায় ইসলামী রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সোমবার সকালে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বিএনপির উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি দেখা গেলেও ইসলামী দলগুলোর অনুপস্থিতি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ জানান, এই অনুপস্থিতির পেছনে সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্যের প্রভাব থাকতে পারে। জানা যায়, ২৩ আগস্ট উপজেলার আমজাদহাট ইউনিয়নে এক বিএনপি নেতার বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর সঙ্গে কিছু মতবিরোধ সৃষ্টি হয়। তবে বিএনপি নেতারা সভায় স্পষ্ট করে বলেন, তারা কোনো ধরনের সংঘাত চান না, বরং শান্তি ও সম্প্রীতির পরিবেশে কাজ করতে চান।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “আমরা সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চাই। আমাদের লক্ষ্য সংঘাত নয়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া। বিএনপি কখনো সন্ত্রাস বা চাঁদাবাজির রাজনীতি করে না; এটি একটি শান্তি ও শৃঙ্খলার দল।”

সভায় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক, ফখরুল আলম স্বপন সদস্য সচিব, আবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক,গোলাম রসুল মজুমদার গোলাপ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব, মহিলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন।

নেতৃবৃন্দ আরও বলেন, পিএফজি বা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের মতো প্ল্যাটফর্মগুলো সব দলের জন্য উন্মুক্ত। সবাই যদি একসাথে বসে আলোচনা করে, তাহলে স্থানীয় সমস্যা সমাধান সহজ হবে এবং শান্তি ও সম্প্রীতির পরিবেশ নিশ্চিত হবে।

স্থানীয়দের মতে, ইসলামী দলগুলোর অনুপস্থিতি আলোচনার একটি বড় বিষয় হলেও বিএনপি নেতাদের এমন শান্তি আহ্বান এলাকায় রাজনৈতিক সম্প্রীতির ইতিবাচক বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *