জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু,আহত ১

সংবাদদাতা

ফেনীর সোনাগাজীতে একদিনে পৃথক স্থানে পানিতে ডুবে চার শিশু দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক শিশু চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার থেকে দুপুর পর্যন্ত উপজেলার চারটি পৃথক স্থানে শিশুরা খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।

নিহত শিশুরা হলো- উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩), মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪)। চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪)।

অন্যদিকে পানিতে পড়ে চিকিৎসাধীন থাকা শিশুর নাম রিফাত হোসেন (আড়াই বছর)। তিনি সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড চরগনেশ গ্রামের মাঈন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক চার স্থানে শিশুরা খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাত ও আয়ানকে মৃত ঘোষণা করেন। আর জেহান মাহবিরের মৃত্যু নিশ্চিত করেন স্থানীয় চিকিৎসক।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জীবিত এক শিশুকে গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শিশু মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, পানিতে পড়ে তিন শিশুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং সমবেদনা জানাই। ঋতু পরিবর্তনের এ সময়ে শিশুদের পানির কাছাকাছি খেলতে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। সচেতনতা বাড়লে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *